Welcome to Kids Playbook!

জেলে এবং মন্ত্রী

জেলে এবং মন্ত্রী 


এক রাজা ছিলেন। তিনি রোজ মাছ ভাজা খেতে খুব ভালোবাসতেন। একদিন খুব ঝড়বৃষ্টি হওয়াতে জেলেরা কেউ মাছ ধরতে যেতে পারলো না। কিন্তু রাজা ঘোষণা করলেন, "এই ঝড় জলের মধ্যে যে আমার জন্য মাছ ধরে আনতে পারবে তাকে আমি ভালো পুরস্কার দেবো।"

একজন গরিব জেলে সাহস করে উত্তাল সমুদ্রে বেরিয়ে পড়লো মাছের খোঁজে। অনেক কষ্টে একটা মাছ পেয়ে সে রাজপ্রাসাদে এসে হাজির হলো। কিন্তু দ্বাররক্ষী তাকে ভিতরে ঢুকতে না দিয়ে রাজার মন্ত্রীর কাছে নিয়ে গেলো। 

মন্ত্রী সব শুনে জেলেকে বললো, "আমি তোমায় রাজার কাছে যেতে দিতে পারি তবে একটি শর্ত আছে। তুমি মাছের যা পুরস্কার পাবে তার অর্দ্ধেক আমায় দিতে হবে।" মন্ত্রীর এই কথা জেলের পছন্দ না হলেও সে মেনে নিতে বাধ্য হলো। 

রক্ষী তখন জেলেকে রাজার কাছে নিয়ে গেলো। রাজাকে সে মাছ তা দিলো। রাজা খুব সন্তুষ্ট হয়ে জেলেকে বললেন, "বলো হে তুমি আমার কাছে কি পুরস্কার চাও? যা চাও সেটাই তুমি পাবে।" জেলে হাত জোর করে উত্তর দিলো, "আজ্ঞে মহারাজ, আপনি আমার পিঠে পঞ্চাশ ঘা চাবুক মারতে বলুন। এই পুরস্কারই আমার প্রাপ্য।" জেলের অদ্ভুত কথা শুনে সবাই অবাক হয়ে গেলো। যাই হোক রাজা আদেশ দিলেন, "এর পিঠে পঞ্চাশ ঘা চাবুক হালকা ভাবে মারো।"

চাবুক মারা যখন পঁচিশটা হয়েছে তখন জেলে বলে উঠলো "এখন মারা বন্ধ করো। বাকি পাচ্ছিস ঘা আমার ভাগীদারের প্রাপ্য।" রাজা তখন আশ্চর্য হয়ে বললেন, "তোমার আবার ভাগিদার কে হে?"

জেলে উত্তর দিলো, "মহারাজ আপনার মন্ত্রী হচ্ছে আমার প্রাপ্য পুরস্কারের অর্দ্ধেক অংশীদার।" এই কথা শুনে রাজা প্রচণ্ড রেগে গেলেন। তিনি তক্ষুনি মন্ত্রীকে তার সামনে উপস্থিত হতে আদেশ দিলেন। ভয়ে ভীত মন্ত্রীকে দেখে রাজা বললেন, "এর পিঠে খুব জোরে পঁচিশ ঘা চাবুক মারো।" এরপর প্রায় অর্ধমৃত মন্ত্রীকে তিনি কারাগারে পাঠালেন। আর জেলেকে দিলেন তার মনোমত পুরস্কার। 

যার যা প্রাপ্য তাকে তা পেতেই হবে।